বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই বড়সড় বিপাকে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর জামাইকে একটি মাদক সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করল লালগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ৮ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি নতুন মাদক মামলার (NDPS Case) তদন্তে উঠে এসেছে তাঁর নাম। সেই সূত্র ধরেই আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবীর অত্যন্ত প্রভাবশালী এবং বিতর্কিত মুখ হিসেবে পরিচিত। ভোটের মুখে তাঁর পরিবারের সদস্যের মাদক মামলায় জড়িয়ে পড়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে আক্রমণ শানাতে শুরু করেছে। তাঁদের দাবি, শাসকদলের মদতেই সীমান্ত এলাকায় মাদকের কারবার চলছে।
অন্যদিকে, বিধায়ক হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ মহলের দাবি, ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের স্বার্থেই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বিধায়কের জামাই হাজিরা দেন কি না এবং এই জিজ্ঞাসাবাদে নতুন কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।