২৬ বছর পর কি রাজপথে ফিরছেন বহরমপুরের ‘রবিনহুড’? অধীরকে ঘিরে তোলপাড় বাংলার রাজনীতি!

দীর্ঘ আড়াই দশক পর কি আবার বিধানসভার অলিন্দে দেখা যাবে অধীর রঞ্জন চৌধুরীকে? বাংলার রাজনীতির অন্দরে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। লোকসভায় কংগ্রেসের প্রাক্তন দলনেতা তথা বহরমপুরের পাঁচবারের প্রাক্তন সাংসদকে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করার জোর জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস হাইকম্যান্ড সূত্রে খবর, নিজের খাসতালুক বহরমপুর কেন্দ্র থেকেই তাঁকে ময়দানে নামাতে চাইছে দল।

১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে বিধায়ক হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন অধীর। ১৯৯৯ সালে প্রথমবার সংসদে যাওয়ার পর টানা ২৫ বছর দিল্লির রাজনীতি সামলেছেন তিনি। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারের পর বর্তমানে তিনি ‘প্রাক্তন’ সাংসদ। এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বও এখন শুভঙ্কর সরকারের কাঁধে। ফলে রাজনৈতিক মহলের মতে, কোনও বাড়তি সাংগঠনিক ‘চাপ’ না থাকায় অধীরকে এবার সরাসরি নির্বাচনী লড়াইয়ে ব্যবহার করতে চায় এআইসিসি (AICC)।

বহরমপুর বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই বিজেপি তাদের জয়ী বিধায়ক সুব্রত মৈত্র এবং তৃণমূল কংগ্রেস নাড়ুগোপাল মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে। এই পরিস্থিতিতে অধীর চৌধুরী প্রার্থী হলে লড়াই যে ত্রিমুখী এবং অত্যন্ত কঠিন হবে, তা বলাই বাহুল্য। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির (CEC) বৈঠকে। ঘরের ছেলে কি পারবেন তাঁর হারানো দুর্গ পুনরুদ্ধার করতে? নজর এখন সেদিকেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy