সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদী উস্কানি এলে তার জবাব হবে ‘নজিরবিহীন এবং চূড়ান্ত’। বৃহস্পতিবার কেরলের তিরুবনন্তপুরমে দাঁড়িয়ে এই ভাষাতেই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এনডিএ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, ভারতের সামরিক শক্তি এখন আগের চেয়ে অনেক বেশি ঘাতক।
এদিন ভারতীয় জওয়ানদের এক সম্মানজ্ঞাপন অনুষ্ঠানে রাজনাথ সিং গত মাসের পহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “পহেলগাঁও হামলার পর ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে মাত্র ২২ মিনিটে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছিল আমাদের সেনা। এটি ভারতের সামরিক ইতিহাসের অন্যতম বৃহত্তম অভিযান এবং এই লড়াই এখনও শেষ হয়নি।” সন্ত্রাস দমনে পূর্বতন ইউপিএ সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, আগে শুধু ডসিয়ার ধরানো হতো, কিন্তু মোদী সরকার কাজ করে দেখায়।
পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল সংঘাতের আবহে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়েও দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, বিশ্বজুড়ে অস্থিরতা থাকলেও ভারতে গ্যাস বা জ্বালানির কোনো ঘাটতি হবে না। পশ্চিম এশিয়ায় বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা সুনিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বিরোধীদের সংকীর্ণ রাজনীতি ত্যাগ করে দেশের স্বার্থে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।





