‘২০২৯ হবে ভয়ঙ্কর, বিজেপি সরকার থাকবে না’, বনগাঁর সভা থেকে ২০২৬ নির্বাচন নিয়ে ‘অভাবিত’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

আর মাস পাঁচেক পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। কিন্তু মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাবেভাবে বুঝিয়ে দিলেন যে, তিনি ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে ভাবিত নন। একইসঙ্গে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে ২০২৭ সালের গুজরাট নির্বাচন এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করলেন।
গুজরাট ও কেন্দ্র জয়ের ভবিষ্যদ্বাণী:
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না… বাংলাকে নিয়ে গিয়ে গুজরাটে ফেলতে হবে। আগামী নির্বাচনে গুজরাটে বিজেপি হারবে, এখন থেকে ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি। বাংলা দখল করতে দিয়ে গুজরাট হারাবে।” (গুজরাটে নির্বাচন রয়েছে ২০২৭ সালে।)
শুধু গুজরাট নয়, ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়েও তিনি মন্তব্য করেন: “২০২৯ বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না। সেদিন কোথায় পালাবে, এখন থেকে জায়গা দেখে ঠিক করে নাও।”
বাংলা নিয়ে আত্মবিশ্বাস ও হুঁশিয়ারি:
বিহারের সদ্য সমাপ্ত নির্বাচনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “বিহারে যা নির্বাচন করেছেন। ওরা লড়তে পারেনি বেচারা। আপনাদের গেম ধরতে পারেনি। আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত। তাই আমরা ধরে নিই এ টু জেড। আমাদের সঙ্গে পারা মুশকিল।”
বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল যে জিতছে, তা নিয়ে তিনি ‘নিশ্চিত’। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “মানুষ টাকা নেবে, কিন্তু মানুষ ভোট দেবে না। তোমাদের ভোটাররাই আমাদের ভোট দিয়ে জিতিয়ে দেবে।”
তিনি আরও বলেন, “আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব। এটা মাথায় রেখো। ছাব্বিশের নির্বাচনের পর আমিও একটু দেশটা চষে বেড়াব।”
বিজেপির পাল্টা জবাব:
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আগামী অন্ততপক্ষে তিন থেকে চারটে টার্ম কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির কোনও বিকল্প নেই। উনত্রিশের পর চৌত্রিশ। আর ছাব্বিশেই তৃণমূল থাকবে না। এক্সপায়ারি ডেট যত এগিয়ে আসছে, তত হতাশা বাড়ছে। সেই হতাশারই বহিঃপ্রকাশ হচ্ছে।”