২০২৬-এর বাংলা দখলের লড়াইয়ে পারদ চড়ছে হু হু করে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার ১৪২টি আসনে লড়াই করছেন মোট ১৫২৫ জন প্রার্থী। গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে এই বিপুল সংখ্যা নিশ্চিত হতেই স্পষ্ট হয়েছে যে, এবারের লড়াই হতে চলেছে সেয়ানে-সেয়ানে।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্র এবার সব নজর কেড়ে নিয়েছে। এখানে সর্বোচ্চ ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা এই দফার মধ্যে রেকর্ড। অন্যদিকে, হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরেও লড়াইয়ের উত্তাপ কম নয়। সেখানে ১৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনই নির্দল, যা বড় দলগুলোর ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২১ সালের তুলনায় এবার প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ভোট কাটাকুটির অঙ্কে নতুন সমীকরণ তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফার এই ‘প্রার্থী বিস্ফোরণ’ লড়াইকে আরও অনিশ্চিত ও রোমাঞ্চকর করে তুলবে।





