আরএসএস-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের হিন্দু পরিস্থিতি নিয়ে সরব হলেন সঙ্ঘপ্রধান মোহন ভগবত। মুম্বইয়ের নেহরু সেন্টারে আয়োজিত ‘১০০ ইয়ারস অফ সঙ্ঘ জার্নি’ শীর্ষক সভায় তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের ১.২৫ কোটি হিন্দু যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয়, তবে সারা বিশ্বের হিন্দু সমাজ তাঁদের সমর্থনে ঝাঁপিয়ে পড়বে।
ভগবতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর চলা ধারাবাহিক হামলা ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “বাংলাদেশে হিন্দুরা যদি নিজেদের অধিকারের জন্য মাটি কামড়ে পড়ে থাকে, তবে তাঁরা একা নন।” সম্প্রতি ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মাত্রা বেড়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ভগবতের পরামর্শ— হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই।
শুধু প্রতিবেশী দেশ নয়, ভারতের অভ্যন্তরীণ জনবিন্যাস বা ডেমোগ্রাফি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সঙ্ঘপ্রধান। তাঁর মতে, অনুপ্রবেশ এবং জন্ম নিয়ন্ত্রণ না করার ফলেই ভারতের অনেক অংশে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হচ্ছে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আগে কোনও সরকারই এই জনবিন্যাস বদল নিয়ে ভাবেনি। কিন্তু এখনকার সরকার এ বিষয়ে সচেতন হয়েছে এবং কাজ শুরু করেছে।” অনুপ্রবেশকারী চিহ্নিত করতে সাধারণ মানুষকেও সচেতন হতে এবং পুলিশকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি।