নতুন অর্থবর্ষের শুরুতেই সাধারণ মানুষের পকেটে টান পড়তে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে এটিএম (ATM) থেকে টাকা তোলার একাধিক নিয়মে বড়সড় পরিবর্তন আনছে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলি। এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ইতিমধ্যেই তাদের গ্রাহকদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। আপনি যদি নিয়মিত এটিএম ব্যবহার করেন বা ইউপিআই (UPI) দিয়ে টাকা তোলেন, তবে এই বদলগুলো আপনার জেনে রাখা জরুরি।
এইচডিএফসি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এবার থেকে ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে টাকা তুললে সেটিও মাসিক ‘ফ্রি লিমিট’-এর আওতায় পড়বে। বর্তমানে এই ব্যাঙ্ক মাসে ৫টি ফ্রি ট্রানজাকশন দেয়। আগে কার্ড ছাড়াই ইউপিআই দিয়ে টাকা তুললে তা এই সীমার বাইরে থাকত, কিন্তু ১ এপ্রিল থেকে সীমা পেরিয়ে গেলেই অতিরিক্ত চার্জ দিতে হবে। অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের ক্ষেত্রে মেট্রো শহরগুলিতে ৩টি এবং বাকি শহরে ৫টি ফ্রি ট্রানজাকশনের নিয়ম বহাল থাকছে।
অন্যদিকে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের ডেবিট কার্ডের দৈনিক টাকা তোলার সীমায় বদল আনছে। বেশ কিছু নির্দিষ্ট কার্ডের ক্ষেত্রে প্রতিদিনের সর্বোচ্চ টাকা তোলার সীমা কমিয়ে দেওয়া হয়েছে। যদিও কোন কার্ডে কত সীমা কমছে, তা জানতে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট বা ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। তবে এর মাঝে আশার খবর শুনিয়েছে জিও পেমেন্টস ব্যাঙ্ক। তারা ডেবিট কার্ড বা এটিএম ছাড়াই কিউআর কোড (QR Code) স্ক্যান করে টাকা তোলার নতুন পরিষেবা চালু করছে, যা গ্রাহকদের জন্য অনেকটা সহজতর হবে। ১ এপ্রিল থেকে এই সমস্ত নিয়ম কার্যকর হতে চলেছে, তাই এখনই আপনার আর্থিক পরিকল্পনা সেরে ফেলুন।