দীর্ঘদিনের পুরনো প্রথা ভেঙে ১ এপ্রিল ২০২৬ থেকে ভারতে কার্যকর হতে চলেছে নতুন আয়কর আইন। শুক্রবার অর্থ মন্ত্রক ই-গেজেটে এই সংক্রান্ত খসড়া বিধি প্রকাশ করেছে। যদিও আয়কর স্ল্যাবে বড় কোনো পরিবর্তন আসেনি, তবে করদাতাদের সুবিধার্থে একগুচ্ছ নিয়মকে সহজ করা হয়েছে। ৩৯৯টি রুলের সংখ্যা কমিয়ে আনা হয়েছে ১৯০-এ, যা সাধারণ মানুষের ট্যাক্স ফাইলিং প্রক্রিয়াকে অনেক সহজ করে তুলবে।
নতুন নিয়মে বেশ কিছু ক্ষেত্রে করমুক্ত সুবিধার সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মিল কার্ডের সুবিধা প্রতি খাবারে ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে (পুরনো কর ব্যবস্থায়)। কর্পোরেট গিফট কার্ডের সীমা ৫,০০০ থেকে বেড়ে হয়েছে ১৫,০০০ টাকা। সবথেকে বড় সুখবর মিলবে শিশুদের পড়াশোনার ক্ষেত্রে। শিক্ষা ভাতা প্রতি মাসে ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা এবং হোস্টেল ভাতা ৩০০ থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুনেতে বসবাসকারীরা এখন থেকে মেট্রো শহরের আওতায় ৫০% HRA ছাড় পাবেন। এছাড়া ট্রান্সপোর্ট সেক্টরের কর্মীদের জন্য করমুক্ত ভাতার সীমা ১০,০০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। আইটিআর-৩ ও আইটিআর-৪ জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য বাড়তি স্বস্তি। আয়কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং ব্যবহারবান্ধব করতেই এই ঐতিহাসিক সংস্কার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।