দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান। ২০০৭ সালের সেই জাদুকরী পারফরম্যান্সের স্মৃতি উসকে দিয়ে ফের ভারতের মাটিতে পা রাখছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। ‘হিফস ডোন্ট লাই’ (Hips Don’t Lie) বা ‘ওয়াকা ওয়াকা’ (Waka Waka)-খ্যাত এই গায়িকার কনসার্ট নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। তবে এবারের সফরের পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। শাকিরার এই সফরের মূল লক্ষ্য হল ইউনিসেফ (UNICEF)-এর দূত হিসেবে প্রতিটি শিশু যাতে তাদের উন্নতির জন্য সমান সুযোগ এবং সঠিক পরিবেশ পায়, তা নিশ্চিত করা।
শোনা যাচ্ছে, শাকিরার এই মেগা কনসার্টে বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে ভারতের সেনসেশন দিলজিৎ দোসাঞ্জকে। আন্তর্জাতিক মঞ্চে দিলজিতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং শাকিরার ল্যাটিন বিটের মেলবন্ধন ঘটলে তা যে এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করবে, তা বলাই বাহুল্য। দিলজিৎ নিজে শাকিরার গুণমুগ্ধ, তাই এই জল্পনা এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যদিও আয়োজকদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি, তবে তলে তলে কথাবার্তা অনেক দূর এগিয়েছে বলে খবর।
শাকিরার এই সফরটি মূলত শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতির জন্য সচেতনতা প্রসারের লক্ষ্যে আয়োজিত। তিনি ভারতের বিভিন্ন প্রান্তের পিছিয়ে পড়া শিশুদের সঙ্গেও দেখা করতে পারেন। গ্লোবাল আইকন হিসেবে তিনি বারবার সরব হয়েছেন শিশুদের অধিকার নিয়ে। ১৯ বছর আগে যখন তিনি মুম্বইয়ে পারফর্ম করেছিলেন, তখন গোটা শহর তাঁর তালে নেচেছিল। এবারও ভারতবাসীকে সেই মায়াজাল উপহার দিতে প্রস্তুত কলম্বিয়ান সুন্দরী। এই হাই-ভোল্টেজ কনসার্টের টিকিটের চাহিদা এখনই আকাশছোঁয়া।