দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বীরের বেশে বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। নির্বাচনের প্রাথমিক ট্রেন্ড বলছে, দুই দশক পর ওপার বাংলায় ক্ষমতায় ফিরছে বিএনপি। খালেদা জিয়া-পুত্র তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। কিন্তু জানেন কি, যে নেতার ওপর দেশের ভার বর্তাতে চলেছে, তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ঠিক কত?
নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫৭ বছর বয়সী তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স, সোনা ও আসবাব মিলিয়ে ১ কোটি ৯৩ লক্ষ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। নগদ ও ব্যাঙ্কে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার টাকা, শেয়ারে বিনিয়োগ সাড়ে ৬৮ লক্ষ টাকা এবং ফিক্সড ডিপোজিট রয়েছে ৯০ লাখ ২৪ হাজার টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে তাঁর নামে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের দুই একর জমি রয়েছে। উল্লেখযোগ্যভাবে, তারেক রহমান বা তাঁর পরিবারের নামে কোনো ঋণ নেই।
মামলা-মোকদ্দমার পাহাড়ও এখন অতীত। একসময় তাঁর বিরুদ্ধে ৭৭টি ফৌজদারি মামলা থাকলেও বর্তমানে তিনি সম্পূর্ণ ‘ক্লিনচিট’ পেয়েছেন। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েই ৪২টি মামলা থেকে খালাস পান তিনি। বাকি মামলাগুলিও আইনি প্রক্রিয়ায় ধাপে ধাপে খারিজ বা প্রত্যাহার করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ১ লক্ষ টাকার বেশি আয়কর জমা দেওয়া তারেক রহমান এখন নতুন উদ্যমে বাংলাদেশের দায়িত্ব নিতে প্রস্তুত।