পহেলা বৈশাখের রেশ কাটতে না কাটতেই তপ্ত নদিয়ার রাজনীতি। রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রে হারানো জমি পুনরুদ্ধারে কি এবার কামব্যাক করবেন পার্থসারথী চট্টোপাধ্যায়? মঙ্গলবার সকালে সেই জল্পনা উস্কে দিয়ে এক বিশাল শক্তিপ্রদর্শন করল বিজেপি। এদিন সকালে সিদ্ধেশ্বরী মন্দিরে ভক্তিভরে পুজো দিয়ে নিজের জয় নিশ্চিত করতে প্রার্থনা সারেন বিজেপি প্রার্থী। এরপরই কৃষ্ণনগরের রাজপথে আছড়ে পড়ে গেরুয়া বাহিনীর এক অভূতপূর্ব ‘জনপ্লাবন’।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নদিয়া জেলার ৫টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা এদিন বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন পত্র জমা দেন। মিছিলে জনজোয়ার দেখে উচ্ছ্বসিত শুভেন্দু অধিকারী সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দাবি করেন, “রাজ্যে ১৭৭টি আসন জিতে এবার ক্ষমতায় আসবে বিজেপি।” পার্থসারথী চট্টোপাধ্যায়ের সমর্থনে মিছিলে আসা মানুষের ঢল দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে— তবে কি রানাঘাটের সমীকরণ এবার সত্যিই বদলে যাচ্ছে? কৃষ্ণনগরের এই জনসভা থেকে শুভেন্দু যেভাবে নবান্ন দখলের হুঙ্কার দিলেন, তাতে আসন্ন নির্বাচনে কড়া টক্করের ইঙ্গিত স্পষ্ট।





