কর্ণাটকের ২০২৬-২৭ সালের রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এক ঐতিহাসিক ও বিতর্কিত ঘোষণা করেছেন—১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব। ৪.২০ লক্ষ কোটি টাকার বাজেটে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিশুদের ক্রমবর্ধমান স্মার্টফোন আসক্তি ও তার মানসিক প্রভাব মোকাবিলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়গের মত বিশেষজ্ঞদের উদ্বেগের ভিত্তিতে এই পথে হাঁটছে কর্ণাটক।
বিশ্বজুড়ে যখন অস্ট্রেলিয়া, ব্রিটেন বা ফ্রান্সের মতো দেশগুলো তরুণ প্রজন্মের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে কড়া নিয়ম তৈরির পথে, তখন কর্ণাটকের এই সিদ্ধান্ত সেই বিশ্বজনীন বিতর্কেই নতুন মাত্রা যোগ করল। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল নিষেধাজ্ঞা দিয়ে ডিজিটাল যুগের এই সমস্যা সমাধান করা অসম্ভব। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম যেভাবে কাজ করে, তাতে শিশুদের ব্যক্তিগত তথ্য চুরি এবং অনলাইন গ্রুমিংয়ের ঝুঁকি থেকেই যাচ্ছে। এআই-চালিত চ্যাটবট বা প্ল্যাটফর্মগুলো শিশুদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করে যেভাবে ম্যানিপুলেট করে, তাতে স্মার্টফোনের ব্যবহার নিষিদ্ধ করা কেবল শুরু মাত্র। শিক্ষাগত চাপ কমানো এবং শিশুদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের শিক্ষা দেওয়া এখন সময়ের দাবি।