কলকাতা বন্দরের ১৫৫ বছরের ইতিহাসে এক অভূতপূর্ব নজির সৃষ্টি হল। ডায়মন্ড হারবার থেকে কলকাতা পর্যন্ত ৪০ নটিক্যাল মাইলের অত্যন্ত বিপজ্জনক ও সংকীর্ণ নৌপথ অতিক্রম করে ইতিহাস গড়ল কন্টেইনার জাহাজ ‘সিনার পাঙ্গালাম সুসু’। প্রতিকূলতা জয় করে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে জাহাজটিকে নিরাপদে কলকাতা ডক সিস্টেমে (KDS) পৌঁছে দিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের (SMPA) অভিজ্ঞ পাইলটেরা।
হুগলি নদীর এই গতিপথটি সরু চ্যানেল, বালির চর এবং তীব্র স্রোতের কারণে বিশ্বের অন্যতম কঠিন নৌপথ হিসেবে পরিচিত। ১২৮ মিটার দৈর্ঘ্য এবং ৬.১ মিটার ড্রাফট বিশিষ্ট এই জাহাজটির সফল ট্রানজিট বন্দরের পেশাদারিত্বের এক অনন্য প্রমাণ। এর আগে ২০২৫ সালের মে মাসে একটি পরীক্ষামূলক যাত্রা সফল হলেও, পূর্ণাঙ্গ বাণিজ্যিক জাহাজ নিয়ে রাতের অন্ধকারে এই অপারেশন এই প্রথম।
এসএমপিএ-র চেয়ারম্যান শ্রী রথেন্দ্র রমন এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এটি হুগলি নদী ব্যবস্থায় ২৪ ঘণ্টা নৌচলাচল সক্ষম করার পথে একটি বৈপ্লবিক পদক্ষেপ।” এই সাফল্য প্রযুক্তিগত উৎকর্ষ এবং বিভিন্ন বিভাগের অদম্য সমন্বয়ের ফল। ভারত সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে কলকাতা বন্দর এখন বিশ্বমানের প্রতিযোগিতায় আরও একধাপ এগিয়ে গেল।