১৪ না কি ১৫ জানুয়ারি? ২০২৬-এ মকর সংক্রান্তির পুণ্যস্নান নিয়ে বড় ঘোষণা, জেনেনিন দিন ও ক্ষণ

আসন্ন ২০২৬ সালের মকর সংক্রান্তি হতে চলেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ধর্মীয় দিক থেকে অত্যন্ত বিরল। জ্যোতিষশাস্ত্র ও পঞ্জিকা মতে, আগামী ২০২৬ সালে মকর সংক্রান্তির পুণ্য তিথিতে ‘ষটতিলা একাদশী’-র এক অভূতপূর্ব সংযোগ তৈরি হচ্ছে। বহু দশক অন্তর এই ধরনের মহাযোগের সাক্ষী থাকে মানবজাতি। এই বিরল সমাপতন উৎসবের গাম্ভীর্য ও গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

কেন ২ দিন ধরে পালন হবে উৎসব? ২০২৬ সালে মকর সংক্রান্তির উৎসব একদিনের পরিবর্তে দুই দিন ধরে উদযাপিত হবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, সূর্য ১৪ জানুয়ারি দুপুরে ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে। কিন্তু শাস্ত্রীয় নিয়ম এবং উদয়তিথি অনুযায়ী, মকর সংক্রান্তির প্রধান স্নান, দান এবং অন্যান্য ধর্মীয় কাজের জন্য পুণ্যকাল থাকবে পরের দিন অর্থাৎ ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার। ফলে ১৪ এবং ১৫ জানুয়ারি— দুই দিনই উৎসবের আমেজ বজায় থাকবে।

মকর সংক্রান্তির গুরুত্ব ও বিজ্ঞানের যোগ: হিন্দু ধর্মে মকর সংক্রান্তিই একমাত্র উৎসব যা সূর্যের গতিবিধির ওপর ভিত্তি করে পালিত হয়। এই দিন থেকে সূর্য উত্তরায়ণ শুরু করে, অর্থাৎ উত্তর গোলার্ধের দিকে যাত্রা শুরু করে। এর ফলে ধীরে ধীরে দিন বড় এবং রাত ছোট হতে থাকে। এই প্রাকৃতিক পরিবর্তন মানুষের জীবনীশক্তি বৃদ্ধি এবং আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত অনুকূল বলে মনে করা হয়।

২০২৬-এর এই বিশেষ দিনে সূর্যের রাশি পরিবর্তনের পাশাপাশি একাদশীর ব্রত যুক্ত হওয়ায় দান-ধ্যানের মাহাত্ম্য আরও বেড়েছে। মনে করা হয়, এই বিশেষ যোগে পবিত্র নদীতে স্নান এবং সাধ্যমতো তিল বা শীতবস্ত্র দান করলে জাতকের দীর্ঘদিনের পাপক্ষয় হয় এবং পুণ্যলাভ নিশ্চিত হয়।