৩৯২২ টন মাল নিয়ে রেলের নতুন ইতিহাস! এক ট্রেনেই ছুটল ৩৬০টি কন্টেইনার

মাল পরিবহনের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক অর্জন করল ভারতীয় রেল। ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে সফলভাবে পরিচালিত হলো দেশের প্রথম ডাবল-স্ট্যাক দূরপাল্লার কন্টেইনার ট্রেন। ১.৩ কিলোমিটার দীর্ঘ এই বিশেষ ট্রেনটি প্রায় ৪২২ কিলোমিটার পথ অতিক্রম করে মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বন্দর থেকে ভাদোদরার ভার্নামা পর্যন্ত মোট ৩৬০টি টিইইউ বা কন্টেইনার সফলভাবে পরিবহন করেছে।

রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ট্রেনটির মোট ওজন ছিল ৩,৯২২ টন। দুটি ডাবল-স্ট্যাক রেক একসঙ্গে যুক্ত করে এই দূরপাল্লার ট্রেনটি চালানো হয়েছে, যার সামনের রেকটি ১,৮১৭ টন এবং পেছনের রেকটি ২,১০৫ টন পণ্য বহন করেছে। দীর্ঘ দূরত্বে এই ধরনের ডাবল-স্ট্যাক অপারেশনের ফলে একই পরিমাণ পণ্য পরিবহনের জন্য আলাদা ট্রেনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। এর ফলে টার্মিনালগুলিতে যানজট কমার পাশাপাশি পণ্য পরিবহনের সময়ও যথেষ্ট বাঁচবে বলে আশা করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের গতি বাড়াতে এবং লজিস্টিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।