বিদায় ১৪৩২, রঙিন আবহে বঙ্গে পা রাখল নতুন বছর ১৪৩৩। বাঙালির বারো মাসে তেরো পার্বণের শ্রেষ্ঠ উৎসব ‘পয়লা বৈশাখ’ আজ। সমস্ত গ্লানি, দুঃখ আর ক্লান্তি মুছে ফেলে নতুন উদ্যমে পথ চলার অঙ্গীকারে মেতেছে আট থেকে আশি। আর বাঙালির উৎসব মানেই যে ভুরিভোজ, তা আরও একবার প্রমাণিত হলো শহর থেকে গ্রামের প্রতিটি হেঁশেলে। কচি পাঁঠার ঝোল থেকে সর্ষে ইলিশ—পাতে রসনাতৃপ্তির ভরপুর আয়োজনে মেতেছে প্রতিটি বাঙালি পরিবার।
এই শুভ ক্ষণে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় দেশ বিদেশের সমস্ত বাঙালির সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক আবেগময় কবিতার পঙক্তি শেয়ার করে লেখেন, “আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে, নতুন বছর এসো মিষ্টি করে।”
শুভেচ্ছা বার্তার পাশাপাশি রাজ্যবাসীর জন্য এক বিশেষ উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। নববর্ষ উপলক্ষে তাঁর নিজের লেখা ও সুর করা একটি গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সেই গান এখন প্রতিটি বাঙালির উৎসবের আমেজকে আরও দ্বিগুণ করে তুলেছে। এছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা সাধারণ মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।





