১৩,৪২১ শূন্যপদে নিয়োগ শুরু হওয়ার আগে বড় বাধা! হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি ওম নারায়ণ রাই

রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১ শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক মুখেই বড়সড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল রাজ্য। প্রশ্নভুল মামলার নিষ্পত্তি হওয়ার আগেই কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা দায়ের করেছেন প্রায় ৩০০ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার বিচারপতি ওম নারায়ণ রাই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আদালতে কেন গেলেন টেট অনুত্তীর্ণরা?
আবেদনকারী পরীক্ষার্থীরা মূলত ২০১৭ এবং ২০২২ সালের টেটে উত্তীর্ণ হতে পারেননি। তাঁদের মূল বক্তব্য হলো:
১. প্রশ্নভুলের অভিযোগ: ওই দুটি টেট পরীক্ষায় প্রায় ২০টি প্রশ্ন ভুল রয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।
২. উত্তীর্ণ হওয়ার দাবি: তাঁদের দাবি, ভুল প্রশ্নের জন্য নম্বর পেলে তাঁরাও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
৩. সময় নিয়ে প্রশ্ন: আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, প্রশ্ন ভুল রয়েছে কি না, সেই আদালতের সিদ্ধান্ত আসার আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হলে হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী সপ্তাহ থেকে ১৩,৪২১ শূন্যপদে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে। এমন পরিস্থিতিতে টেট অনুত্তীর্ণদের একাংশের এই মামলা স্বাভাবিকভাবেই গোটা নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।