পুরুলিয়া জেলার আদ্রার নাম এখন উজ্জ্বল হচ্ছে মাত্র দশ বছরের এক কিশোরীর হাত ধরে। নাম দেবাংশী রঞ্জিত মেশ্রাম। এই বয়সেই যোগব্যায়ামের জগতে নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে সে হয়ে উঠেছে জেলার গর্ব। জেলা, রাজ্য এমনকি জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেবাংশী এখন সাফল্যের শিখরে। তার অসামান্য শারীরিক নমনীয়তা এবং একাগ্রতা দেখে মুগ্ধ যোগ বিশেষজ্ঞরাও।
দেবাংশীর বাড়ির তাক এখন অসংখ্য ট্রফি, মেডেল ও সার্টিফিকেটে ঠাসা। কিন্তু এই সাফল্য একদিনে আসেনি। পড়াশোনার পাশাপাশি প্রতিদিন চলে কঠোর অনুশীলন। দেবাংশীর বাবা রঞ্জিত মেশ্রাম ও মা পুনম মেশ্রাম জানান, ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি মেয়ের গভীর টান ছিল। মেয়ের এই সাফল্যের জোয়ারে ভাসছে গোটা আদ্রা শহর।
যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ শরীর ও মনের বার্তা ছড়িয়ে দিচ্ছে এই খুদে প্রতিভা। ভবিষ্যতে আরও বড় মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে দেবাংশী। তার এই অভাবনীয় লড়াই এখন আদ্রা তো বটেই, গোটা রাজ্যের শিশুদের কাছে এক বড় অনুপ্রেরণা।