ভোটের মুখে বীরভূমে তুঙ্গে রাজনৈতিক পারদ। সিউড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ অর্থবর্ষের মধ্যে বহু উপভোক্তার নাম তালিকায় থাকলেও, সেই টাকা তৃণমূলের লোকজনদের অ্যাকাউন্টে ঢুকেছে অথবা ‘কাটমানি’ হিসেবে আত্মসাৎ করা হয়েছে। জগন্নাথবাবুর হুঙ্কার, আগামী ২০ দিনে এই ধরনের ২০টি দুর্নীতির নথি তিনি জনসমক্ষে আনবেন।
পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি সাফ জানিয়েছেন, বিজেপি প্রার্থী যদি এই অভিযোগ প্রমাণ করতে পারেন, তবে তিনি নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেবেন।
এদিকে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বোলপুর ও সিউড়ি। সিউড়িতে বিজেপির মিছিলে তৃণমূল কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান এবং পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তৃণমূল কার্যালয়ের সামনে দুই পক্ষের বাদানুবাদে উত্তেজনা ছড়ালে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বোলপুর প্রশাসনিক চত্বরেও দুই শিবিরের স্লোগান যুদ্ধে সরগরম হয়ে ওঠে এলাকা। ভোটের আগে এই দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক সংঘাত বীরভূমের লড়াইকে আরও কঠিন করে তুলেছে।





