জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসতে চলেছে বড়সড় বদল। এতদিন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা গেলেও, এবার ‘প্রিমিয়াম সাবস্ক্রিপশন’ মডেল আনার পরিকল্পনা করছে মার্ক জাকারবার্গের সংস্থা মেটা। তবে সাধারণ ব্যবহারকারীদের এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই।
কারা দেবেন টাকা?
মেটা স্পষ্ট করেছে যে, এই সাবস্ক্রিপশন মডেলটি সম্পূর্ণ ঐচ্ছিক (Optional)। সাধারণ চ্যাটিং, অডিও বা ভিডিও কল আগের মতোই ফ্রি থাকবে। মূলত ‘পাওয়ার ইউজার’ বা পেশাদারদের জন্য এই প্রিমিয়াম পরিষেবা আনা হচ্ছে। টাকা খরচ করলে মিলবে ৩টির বেশি চ্যাট পিন করা, কাস্টম অ্যাপ আইকন, এক্সক্লুসিভ স্টিকার এবং উন্নত অ্যানালিটিক্স টুলসের মতো বিশেষ সুবিধা।
মার্চ থেকে কড়া নিয়ম (SIM Binding):
২০২৬ সালের ২ মার্চ থেকে ভারতে সাইবার নিরাপত্তা নিশ্চিতে চালু হচ্ছে ‘সিম বাইন্ডিং’। অর্থাৎ, যে নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা, সেই সিমটি সংশ্লিষ্ট ফোনে থাকা বাধ্যতামূলক। এছাড়া সরকারি নির্দেশিকা মেনে ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে প্রতি ৬ ঘণ্টা অন্তর তা স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে যেতে পারে।
বর্তমানে এই প্রিমিয়াম ফিচারগুলো বেটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসতে পারে। সহজ কথায়, বাড়তি ও বিশেষ সুবিধা চাইলে তবেই পকেট থেকে টাকা খরচ করতে হবে ব্যবহারকারীদের।