হোয়াইট হাউসে ট্রাম্প-শাহবাজ বৈঠক, পাক প্রধানমন্ত্রীকে ‘মহান নেতা’ সম্বোধন মার্কিন প্রেসিডেন্টের

দীর্ঘ বিরতির পর অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ২০১৯ সালের পর এই প্রথম হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ট্রাম্প। যদিও বৃহস্পতিবার রাতে হওয়া এই বৈঠকে ঠিক কী কী বিষয়ে কথা হল, সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

বৈঠকে সেনা প্রধানের উপস্থিতি ও আলোচনার বিষয়
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে বর্তমানে আমেরিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সভার ফাঁকে তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে শাহবাজ শরিফের সঙ্গে উপস্থিত ছিলেন পাক সেনা প্রধান আসিফ মুনির।

সূত্রের খবর, ট্রাম্প-শাহবাজ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, পশ্চিমি দেশগুলির ইসলাম-ভীতি এবং সন্ত্রাসবাদ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।

শাহবাজের প্রশংসায় ট্রাম্প
বৈঠকের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসায় পঞ্চমুখ হন। তিনি শাহবাজ শরিফকে ‘মহান নেতা’ বলে সম্বোধন করেন। এমনকি পাক সেনা প্রধান আসিফ মুনিরকেও তিনি ‘মহান মানুষ’ বলে উল্লেখ করেন।

পাকিস্তানের সঙ্গে চুক্তি ও সম্পর্কের উন্নতিতে জোর
সাম্প্রতিক কাশ্মীরে হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক যখন প্রায় তলানিতে, সেই আবহে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর দিতে চাইছেন শাহবাজ সরকার। জানা গেছে, ভারত-পাক উত্তেজনার মাঝেও পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছে আমেরিকা। শোনা যাচ্ছে, এটি তৈলভাণ্ডার সংক্রান্ত চুক্তি হতে পারে, যেখানে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

এর আগে পাক সেনা প্রধান আসিফ মুনির ট্রাম্পের সঙ্গে নৈশভোজেও যোগ দিয়েছিলেন। আর এবার পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে আসিফ মুনিরের উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।