সাংসদ মহুয়া মৈত্রর রাজনৈতিক লড়াইয়ের কথা দেশবাসী জানে। কিন্তু এবার এক ভিন্ন আবেগের লড়াই নিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। তাঁর কাতর আর্জি, “হেনরিকে আমার কাছে ফিরিয়ে দাও!” এই ‘হেনরি’ কোনো মানুষ নয়, বরং মহুয়ার অত্যন্ত প্রিয় এবং আদরের পোষ্য কুকুর। নিজের পোষ্যকে ফিরে পেতে এবার সরাসরি দিল্লি হাইকোর্টের কড়া নাড়লেন তৃণমূল সাংসদ।
সূত্রের খবর, এই হেনরিকে কেন্দ্র করেই মহুয়া মৈত্র এবং তাঁর প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছে। মহুয়ার অভিযোগ, জয় হেনরিকে নিজের কাছে আটকে রেখেছেন এবং তাঁকে দেখা করতে দিচ্ছেন না। প্রিয় পোষ্যকে মহুয়া নিজের সন্তানের মতো ভালোবাসেন, তাই তাকে ছাড়া থাকা তাঁর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই বিচ্ছেদের যন্ত্রণাতেই শেষ পর্যন্ত আইনি পদক্ষেপের পথে হাঁটলেন তিনি।
রাজনৈতিক মহলে জয় অনন্ত দেহাদ্রাইয়ের নাম আগে শোনা গিয়েছিল মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে চিঠির সূত্রে। কিন্তু রাজনীতির বাইরে তাঁদের এই ব্যক্তিগত ও আবেগঘন লড়াই এখন জনসমক্ষে। মহুয়া আদালতের কাছে আবেদন জানিয়েছেন, যাতে হেনরির নিরাপদ এবং স্থায়ী হেফাজত তাঁকে দেওয়া হয়। এখন দেখার, আইনি তর্কে জয় কার হয়—মহুয়ার আবেগের নাকি জয়ের যুক্তির। প্রিয় হেনরি শেষ পর্যন্ত কার কোলে ফিরে যায়, তার দিকেই তাকিয়ে কৌতূহলী মহল।