হাসিনাকে ফেরাতে এবার দিল্লিতে দরবার! জয়শঙ্করের সঙ্গে বৈঠকে সরাসরি প্রত্যর্পণের আর্জি বাংলাদেশের

ভারতে আশ্রিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে এবার সরাসরি দিল্লিতে দরবার করল ঢাকা। বুধবার নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে এই দাবি জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। হাসিনার পাশাপাশি তাঁর আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইবুনাল ইতিমধ্যেই এই দুই হেভিওয়েটের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই দুই দেশের প্রথম উচ্চপর্যায়ের সফর। বৈঠকে খলিলুর রহমান স্পষ্ট করেছেন যে, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী এবং ভারতের সঙ্গে শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক বজায় রাখতে চায়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও তাঁর কথা হয়। জয়শঙ্কর এই নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্কের ইঙ্গিত দিলেও, হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের তরফে এখনও স্পষ্ট কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

বৈঠকে দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় শহীদ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে ঐকমত্য হয়েছে। এছাড়া ভারত থেকে ডিজেল ও সার সরবরাহ বাড়ানো এবং চিকিৎসা ও ব্যবসার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও সদর্থক আলোচনা হয়েছে। তবে সবার নজর এখন সাউথ ব্লকের দিকে— শেখ হাসিনাকে নিয়ে ভারত শেষ পর্যন্ত কী অবস্থান নেয়, সেটাই এখন দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy