হাসপাতালে সোজা ঢুকে পড়লেন মুখ্যমন্ত্রী! বুদ্ধদেব-পত্নী মীরা ভট্টাচার্যকে দেখেই চোখে জল শুভেন্দুর

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। পেটে যন্ত্রণা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা নিয়ে গত কয়েকদিন ধরেই তিনি সেখানে চিকিৎসাধীন। আর এই খবর পাওয়ার পরই শুক্রবার সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হাসপাতাল সূত্রে খবর, প্রায় তিন মিনিট মীরা ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁকে দেখেই আবেগতাড়িত হয়ে পড়েন মীরা দেবী। কান্নায় ভেঙে পড়েন প্রয়াত মুখ্যমন্ত্রীর পত্মী। যদিও হাসপাতাল থেকে বের হওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাননি বিরোধী দলনেতা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে যা বলার চিকিৎসকরাই বলবেন।

মীরা ভট্টাচার্যের চিকিৎসায় ইতিমধ্যেই গঠন করা হয়েছে তিন সদস্যের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড। এই বোর্ডে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট সেমন্তী চক্রবর্তী। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে স্থিতিশীল অবস্থাতেই রয়েছেন মীরা ভট্টাচার্য।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এর আগে মীরা ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গিয়ে সরকারি নিরাপত্তারক্ষী পুনর্বহালের ব্যবস্থা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর এই পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন বুদ্ধদেব জায়া। রাজনৈতিক মতপার্থক্য দূরে সরিয়ে এই ব্যক্তিগত সৌজন্যের দৃশ্য আবারও প্রকাশ্যে এল।