টাটা-হুন্ডাইয়ের কপালে চিন্তার ভাঁজ! বাজারে ঝড় তুলতে আসছে ফক্সভাগেনের দুই ধামাকা গাড়ি

ভারতীয় অটোমোবাইল বাজারে নিজেদের আধিপত্য আরও মজবুত করতে এবার বড়সড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জার্মান গাড়ি নির্মাতা সংস্থা ফক্সভাগেন। সংস্থার পক্ষ থেকে খুব শীঘ্রই দুটি নতুন গাড়ি লঞ্চ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা সরাসরি টাটা ও হুন্ডাইয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় নামবে।
আসন্ন উৎসবের মরশুম বা দিওয়ালির ঠিক আগেই বাজারে আসছে সংস্থার অত্যন্ত জনপ্রিয় সেডান ‘ভার্টাস’-এর নতুন ফেসলিফ্ট সংস্করণ। এই নতুন মডেলে বাহ্যিক ডিজাইনের পাশাপাশি কেবিনের অন্দরেও বেশ কিছু আকর্ষণীয় পরিবর্তন আনা হচ্ছে। গাড়িটির সামনের গ্রিল, হেডল্যাম্প এবং বাম্পারে নতুন লুক দেওয়ার পাশাপাশি অ্যালয় হুইলেও পরিবর্তন থাকছে। এছাড়া কেবিনকে আরও বিলাসবহুল করতে থাকছে বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং সিট ম্যাসাজ করার মতো প্রিমিয়াম ফিচার। ইঞ্জিনের ক্ষেত্রে পুরনো পেট্রোল অপশনগুলি বজায় থাকলেও গিয়ারবক্সে বড় আপডেট এনে ৬-স্পিডের পরিবর্তে ৮-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স যুক্ত করা হতে পারে।
ভার্টাস ফেসলিফ্টের পাশাপাশি ২০২৭ সালের প্রথমার্ধে একটি নতুন সাব-৪-মিটার কমপ্যাক্ট এসইউভি বাজারে আনার পরিকল্পনা করেছে ফক্সভাগেন। বাজারে আসার পর এই গাড়িটি সরাসরি টাটা নেক্সন, মারুতি সুজুকি ব্রেজা, হুন্ডাই ভেন্যু এবং কিয়া সনেটের মতো গাড়িগুলোকে শক্ত টক্কর দেবে বলে মনে করা হচ্ছে। শক্তিশালী টার্বো-পেট্রোল ইঞ্জিনের ভরসায় তৈরি এই নতুন গাড়িগুলি নিয়ে ইতিমধ্যেই অটোমোবাইল বাজারে জল্পনা তুঙ্গে।