‘হারের দায় নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে দেশজুড়ে অরাজকতা তৈরি করছেন রাহুল!’ তীব্র আক্রমণ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর!

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব বৃহস্পতিবার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, দলের লাগাতার নির্বাচনী ব্যর্থতার দায় নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে দেশে এক অরাজক ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছেন রাহুল। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, নিজের রাজনৈতিক স্বার্থে এবং রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতে রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী পদের সম্মান ও মর্যাদা খর্ব করার চেষ্টা করছেন বলেও তীব্র অসন্তোষ প্রকাশ করেন সিএম যাদব।
ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “রাহুল গান্ধীর নেতৃত্বে পরিচালিত কংগ্রেস দল গত তিনটি লোকসভা নির্বাচনসহ দেশের একাধিক রাজ্যে পরপর শোচনীয় পরাজয়ের মুখোমুখি হয়েছে। কিন্তু এই ব্যর্থতার আত্মসমালোচনা না করে তাঁরা সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং সমস্ত দোষ নির্বাচন সংস্থার ওপর চাপাচ্ছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।” তিনি আরও বলেন, দলীয় কর্মী ও সমর্থকদের মনোবল চাঙ্গা করার এক মিথ্যা ও প্রতারণামূলক কৌশল হিসেবেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, যা প্রকারান্তরে দেশের শক্তিশালী গণতান্ত্রিক কাঠামোর জন্য এক বড় বিপদ ডেকে আনছে।
গত তিন দশের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে এনে মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে বলেন, অতীতে জোট সরকারের আমল কিংবা নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণার সময়কার রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলেই স্পষ্ট হয়ে যাবে কেন কংগ্রেস আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের জনগণ এই রাজনৈতিক ব্যর্থতা ভালোভাবেই বুঝতে পারছে। ষড়যন্ত্রের রাজনীতি এবং অরাজকতার পথ পরিহার করে কংগ্রেস নেতৃত্বকে নিজেদের রাজনৈতিক আচরণ ও সাংগঠনিক ব্যর্থতা নিয়ে নতুন করে আত্মবিশ্লেষণ করার পরামর্শ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।