হায়দ্রাবাদে বিতর্ক, থানার ভেতরে ডিসিডির মদ্যপান ও অশালীন আচরণ, বদলির নির্দেশ পুলিশ কমিশনারের

কর্তব্যরত অবস্থায় থানার ভেতরেই মদ্যপান এবং তারপর বমি করার মতো গুরুতর অভিযোগ উঠল হায়দ্রাবাদের রাচাকোন্ডা কমিশনারেট এলাকার এক পদস্থ পুলিশকর্তা, ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) এস মল্লা রেড্ডির বিরুদ্ধে। অভিযোগ আরও গুরুতর, বমি করার পর তিনি নিজে তা পরিষ্কার না করে অধস্তন কর্মীদের দিয়ে পরিষ্কার করিয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনা জনমানসে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর প্রেক্ষিতে রাচাকোন্ডার পুলিশ কমিশনার সুধীর বাবু দ্রুত পদক্ষেপ নিয়ে এস মল্লা রেড্ডিকে তড়িঘড়ি বদলির নির্দেশ দিয়েছেন। মল্লা রেড্ডিকে এখন তেলঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি)-এর অফিসে স্থানান্তরিত করা হয়েছে।
বর্তমানে এস মল্লা রেড্ডির দায়িত্ব সামলাচ্ছেন রোড সেফটি ডিসিপি কে মনোহর। পুলিশ দফতরের মতো একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রতিষ্ঠানের ভেতরে একজন উচ্চপদস্থ কর্মকর্তার এই ধরনের আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই এই ঘটনাকে পুলিশ বাহিনীর শৃঙ্খলা এবং ভাবমূর্তির পরিপন্থী বলে মনে করছেন।
এই ঘটনা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যখন পুলিশ প্রশাসনের কাছ থেকে সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্ব আশা করা হয়, তখন এই ধরনের অভিযোগ বিভাগীয় প্রধানদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মল্লা রেড্ডির বিরুদ্ধে কী ধরনের বিভাগীয় তদন্ত হবে, তা এখনও স্পষ্ট নয়, তবে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।