হাফপ্যান্ট পরে ফুটবল মাঠে খেলা দেখতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার। বিরোধীদের বিক্ষোভের মুখে পড়লেন বাংলার বিজেপি সভাপতি।

হাওড়ার দাসনগরে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে তৃণমূল কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। স্লোগান, পাল্টা স্লোগান এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ফুটবল মাঠে বিক্ষোভ কেন?
হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের ‘আরতি কটন মিলের’ মাঠে ‘নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসেছিলেন শমীক ভট্টাচার্য। কিন্তু তিনি আসার আগেই শিবপুরের বিধায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।

শমীক ভট্টাচার্যের গাড়ি এলাকায় ঢুকতেই বিক্ষোভকারীরা গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন। তৃণমূলের মূল অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই কটন মিলটি আংশিকভাবে চলছে। শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দাবি, মিলের মাঠে খেলা হলেও কেন্দ্রের উদাসীনতায় শ্রমিকরা চরম দুর্দশার মধ্যে রয়েছে।

উত্তপ্ত বাক্যবিনিময় ও বিজেপি সভাপতির প্রতিক্রিয়া
বিক্ষোভের সময় শমীক ভট্টাচার্যের সঙ্গে মনোজ তিওয়ারির কিছুটা কথা হয়। এরপর শমীক ভট্টাচার্যের গাড়ি কোনোমতে টুর্নামেন্টের উদ্বোধনের দিকে এগিয়ে যায়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে শমীক বলেন, “আমি এখানে কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করতে আসিনি। মিল বন্ধ থাকলে শ্রমিকরা বিক্ষোভ দেখাবেন, এটাই স্বাভাবিক। আমিও চাই মিলটি আবার চালু হোক।”

অন্যদিকে, মনোজ তিওয়ারি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “নির্বাচন সামনে আসায় এখন তারা দেখাতে এসেছেন। আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বেলুড় মঠ থেকে বিবেকানন্দ কাপের উদ্বোধন হতে চলেছে। সেটা শুনেই ওরা এখানে চলে এসেছে।”