‘যথাযথ খতিয়ে দেখে জবাব দিন’! ঋতব্রত বিতর্ক নিয়ে এবার রাজ্যের মুখ্যসচিবকে কড়া নির্দেশ দিল্লির

রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টিকারী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল নেতা কুণাল ঘোষের পাঠানো চিঠির প্রেক্ষিতে অবশেষে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কুণাল ঘোষের অভিযোগ এবং উদ্বেগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবের কাছে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। এই চিঠিতে স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে যে, পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং যথাযথভাবে খতিয়ে দেখে দ্রুত কুণাল ঘোষকে যেন সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত উত্তর দেওয়া হয়।

উল্লেখ্য, অতীতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কার্যকলাপ এবং তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি এই মর্মে কেন্দ্রীয় স্তরেও চিঠি পাঠিয়েছিলেন বলে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই চিঠির বিষয়ে কেন্দ্র যে নীরব থাকছে না, তা স্বরাষ্ট্রমন্ত্রকের এই পদক্ষেপে স্পষ্ট হয়ে গেল। দিল্লির এই চিঠির পর রাজ্য প্রশাসনের অন্দরে এবং রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখন দেখার, রাজ্যের মুখ্যসচিব এই বিষয়ে ঠিক কী পদক্ষেপ করেন এবং কুণাল ঘোষের কাছে কী ধরনের উত্তর পাঠানো হয়।