‘হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ!’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির

বাংলায় ভোটের দামামা বাজতেই রাজনীতির ময়দান এখন কুরুক্ষেত্র। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ মন্তব্যের অভিযোগ তুলে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, অভিষেকের বক্তব্য রাজ্যের শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

বিজেপির অভিযোগপত্র অনুযায়ী, পূর্ব বর্ধমানের রায়নার সভা থেকে অভিষেক প্রকাশ্যেই হিংসা ছড়ানোর ডাক দিয়েছেন। অভিযোগ, তিনি বিজেপি কর্মীদের ‘মাথা, ঘাড় ও হাত-পা ভেঙে দেওয়ার’ কথা বলেছেন। শুধু তাই নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বিরোধী কর্মীদের ‘মেরুদণ্ড ভেঙে বিদায় করার’ মতো চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিজেপির মতে, এই ধরনের ভাষা গণতন্ত্রের জন্য চরম বিপজ্জনক এবং ভোটারদের মনে ত্রাস সৃষ্টির এক পরিকল্পিত ষড়যন্ত্র।

আবেদনপত্রে শুধু অভিষেক নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িয়েছে বিজেপি। তাঁদের দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ক্রমাগত উস্কানিমূলক ভাষা ব্যবহার করে ২০২১-এর পরবর্তী হিংসার স্মৃতি উসকে দিচ্ছেন। ভোটের আগে রাজ্যে যাতে ফের অশান্তি না ছড়ায়, তার জন্য কমিশনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছে ভারতীয় জনতা পার্টি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy