হাতির করিডোরে বেঘোরে ঘুম! বনকর্মীদের সাহসিকতায় কপালজোরে বাঁচলেন মদ্যপ মহিলা

হাতি-মানুষ সংঘাতের আতঙ্কের মধ্যেই মাদারিহাটে দেখা গেল চূড়ান্ত অসচেতনতার ছবি। হাতির করিডোর না জেনেই বেঘোরে ঘুমিয়ে পড়েছিলেন এক মহিলা। তবে বনকর্মীদের তৎপরতা ও সাহসিকতায় কপালজোরে বাঁচলেন তিনি।

ঘটনাটি ঘটেছে মধ্য খয়েরবাড়ি এলাকায়, যা বুনো হাতির করিডোর হিসেবে পরিচিত। মাদারিহাটের বিভিন্ন এলাকায় হাতির হানা নিত্যদিনের ঘটনা। মাত্র দু’সপ্তাহ আগেই হাতির হানায় চারজনের মৃত্যু হওয়ায় এলাকায় সন্ধ্যা নামার পরেই চরম সতর্কতা জারি থাকে।

জানা যায়, বনকর্মীরা খবর পান যে হাতির একটি দল জঙ্গল থেকে লোকালয়ের দিকে এগিয়ে আসছে। রাস্তায় গিয়েই তাঁরা দেখেন, ঠিক হাতির করিডোরেই অচৈতন্য অবস্থায় ঘুমিয়ে রয়েছেন এক মহিলা। হাতির দল তখন খুব কাছেই জঙ্গলে দাঁড়িয়ে। দ্রুত ঝুঁকি নিয়ে বনকর্মীরা তাঁকে উদ্ধার করে গাড়িতে তোলেন এবং পরে মহিলাকে পুলিশের হাতে তুলে দেন।

বনকর্মীদের সূত্রে জানা গেছে, ওই মহিলা মদ্যপ অবস্থায় ছিলেন এবং বাড়ি যেতে না পেরেই করিডরের রাস্তায় ঘুমিয়ে পড়েন। এই ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনা এড়াতে জলদাপাড়া বন বিভাগ জনসচেতনতার ওপর জোর দিয়েছে এবং মাদারিহাটের বাসিন্দাদের রাতের বেলায় এমন অসাবধান কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।