পানীয় জল থেকে কমিউনিটি হল! বহরমপুর স্টেডিয়ামের আমূল সংস্কারে নীতিন সিংহানিয়ার বড় উদ্যোগ

মুর্শিদাবাদ জেলার খেলার পরিকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বড় পদক্ষেপ নিলেন নবাগত জেলাশাসক নীতিন সিংহানিয়া। তিনি জেলার একমাত্র স্টেডিয়াম বহরমপুর স্টেডিয়াম পরিদর্শন করে তিন মাসের মধ্যে আমূল সংস্কারের টার্গেট বেঁধে দিয়েছেন।

জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্তা, কোচ ও খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথা বলেন জেলাশাসক। তিনি নেট প্র্যাকটিস, পানীয় জল, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, এবং অভিভাবকদের বসার জায়গা সহ একাধিক পরিকাঠামোগত সমস্যা শোনেন। ক্রিকেট ছাড়াও ফুটবলের প্রশিক্ষণ এবং মাঠের বেড়ার অবস্থান সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।

পরিদর্শনের পর জেলাশাসক জানান, “এখানে যা পরিকাঠামো রয়েছে সেগুলিকে কী করে আরও উন্নত করা যায়, নতুন খেলা কী করে অন্তর্ভুক্ত করা যায় সেটা নিয়ে জেলা ক্রীড়া সংস্থায় আমাদের টিমের সঙ্গে স্টেডিয়াম পরিদর্শন হয়েছে।” তিনি আরও বলেন, যে পরিকাঠামোর ক্ষেত্রে ঘাটতি রয়েছে, সেগুলির জন্য দ্রুত ‘এসটিমেট’ তৈরি করা হচ্ছে এবং এই কাজগুলি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে।

স্টেডিয়ামের উন্নয়নের একাধিক পরিকল্পনার মধ্যে রয়েছে: দর্শক গ্যালারির সংস্কার, হকির মাঠের উন্নয়ন, ৩ নম্বর মাঠে বেড়া দেওয়া এবং জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব কমিউনিটি হল তৈরির উদ্যোগ। এই কমিউনিটি হলটি জেলা শিল্পকেন্দ্রের অফিসের উলটো দিকে তৈরির জন্য স্থানও পরিদর্শন করেন তিনি। জেলাশাসকের আশ্বাস, সামগ্রিকভাবে মুর্শিদাবাদ জেলায় স্পোর্টসের যেন উন্নয়ন হয় সেজন্যে পরিকল্পনা নেওয়া হচ্ছে।