হাজার হাজার প্রতিযোগীকে টেক্কা দিতে প্রস্তুত, আন্তর্জাতিক যোগাসনে পাখির চোখ ডায়মন্ড হারবারের ‘৩’ খুদে

কাকদ্বীপের পর এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থেকে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে তিন খুদে প্রতিযোগী। এরা হলো উস্থি এলাকার নবম শ্রেণির ছাত্র অভীক হালদার, মগরাহাটের চতুর্থ শ্রেণির ছাত্রী আরাধ্যা ভৌমিক এবং ফলতার তৃতীয় শ্রেণির মেঘাদ্রী ঝুলকি। এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা, যা জেলার জন্য এক গর্বের মুহূর্ত।
আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ
কেরালার রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় যোগাসন প্রতিযোগিতায় প্রতিটি রাজ্য থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। সেখানে নিজেদের দক্ষতা প্রমাণ করে এই তিন খুদে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার টিকিট পেয়েছে। এর আগে কাকদ্বীপ থেকে রূপায়ণ রাজ এবং বর্ণিতা ঘরামীও একই সম্মান অর্জন করেছিল। এর ফলে দক্ষিণ ২৪ পরগনার পাঁচটি শিশু আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রতিভা দেখানোর সুযোগ পেল।
প্রশিক্ষক যা বললেন
এই তিন জনই দক্ষ প্রশিক্ষক সুজিত কুমার মণ্ডলের কাছে নিয়মিত অনুশীলন করছে। সুজিত মণ্ডল বলেন, “এই শিশুরা একদিন দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু অর্থের অভাব তাদের স্বপ্নকে থামিয়ে দিতে পারে, এটাই এখন সবচেয়ে বড় ভয়।”
বর্তমানে এই খুদে প্রতিযোগীরা পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের লক্ষ্যে কঠোর অনুশীলন করছে। তাদের লক্ষ্য, জেলার হয়ে একটি হলেও পুরস্কার জিতে আনা, যা দক্ষিণ ২৪ পরগনার গর্ব বাড়াবে।