হাওড়া ব্রিজে ছোটা ভীম-চুটকি! বিধানসভা ভোটের আগে অভিনব কায়দায় প্রচার, পথচলতি মানুষ তাজ্জব

রাজ্য বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। আগামী ২৯ এপ্রিল হাওড়ায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে ভোটারদের সচেতন করতে এবং গণতন্ত্রের উৎসবে শামিল করতে এক অভিনব উদ্যোগ দেখল গঙ্গাপাড়ের শহর। শুক্রবার সকালে হাওড়া ব্রিজের পাদদেশ থেকে শুরু হয় এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি, যা শহরের ব্যস্ত পথ পেরিয়ে শেষ হয় রামকৃষ্ণপুর ফেরিঘাটে।

এদিন প্রচারের মূল আকর্ষণ ছিল কার্টুন চরিত্র ‘ছোটা ভীম’ ও ‘চুটকি’। তাদের হাতে ছিল ভোটের গুরুত্ব বোঝানো নানা পোস্টার। নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগে শুধু সাইকেল আরোহীরাই নন, পা মেলালেন সাধারণ পথচলতি মানুষও। রঙিন প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘সচেতন নাগরিক, শক্তিশালী গণতন্ত্র’। বিশেষ করে প্রথমবার যারা ভোট দেবেন, সেই তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটদান নিয়ে সাধারণ মানুষের উদাসীনতা কাটাতেই এই সরাসরি জনসংযোগ। ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে নির্ভয়ে বুথে যাওয়ার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। হাওড়া ব্রিজের ওপর এমন প্রচার দেখে থমকে দাঁড়ান অনেকে। আগামী ৪ মে ভোটের ফলাফল ঘোষণা, তার আগে হাওড়ার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy