হাওড়ার পর এবার বাঁকুড়ায় পুলকার দুর্ঘটনা, বাসের সঙ্গে সংঘর্ষে আহত একাধিক পড়ুয়া; ফের সামনে এল অসতর্কতার জ্বলন্ত উদাহরণ

রাজ্যের মাটিতে ফের একবার পুলকার দুর্ঘটনার জেরে আহত হয়েছে একাধিক পড়ুয়া। সদ্য হাওড়ার মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বাঁকুড়ায় একই ধরনের ঘটনা ঘটল। জানা গিয়েছে, পড়ুয়াদের স্কুল থেকে নিয়ে ফেরার পথে তামলীবাঁধ মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা মারে পুলকারটি। এই সংঘর্ষে পুলকারের একাধিক পড়ুয়া আহত হয়েছে।
এই ঘটনা আবারও স্কুল পড়ুয়াদের পরিবহণের ক্ষেত্রে চরম অসতর্কতা ও সুরক্ষার অভাবকে সামনে এনেছে।
হাওড়ার মর্মান্তিক দুর্ঘটনার রেশ:
উল্লেখ্য, এই দুর্ঘটনার কয়েক দিন আগেই হাওড়ায় এক ভয়াবহ পুলকার দুর্ঘটনায় ৩ জন খুদে পড়ুয়ার মৃত্যু হয়েছিল। নিহতদের বয়স ছিল ৭ থেকে ১১-র মধ্যে। গত সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ হাওড়ার মাদার মেরি স্কুলের পড়ুয়াদের নিয়ে ফিরছিল পুলকারটি। উলুবেড়িয়ার বহিরা এলাকা দিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। সেই সময় পুলকারে মোট ৫ জন পড়ুয়া ছিল।
স্থানীয়রা দ্রুত পুকুরে ঝাঁপিয়ে ৫ জনকে উদ্ধারের চেষ্টা করলেও ৭ বছরের ইশিকা মণ্ডল, ১১ বছরের সৌমিক দাস, এবং ৯ বছরের অরিন দে-কে বাঁচানো যায়নি। মাত্র ২ জন পড়ুয়াকে উদ্ধার করা সম্ভব হয়েছিল, যারা বর্তমানে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলকারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত পড়ুয়ার অভিভাবকরা দুর্ঘটনার জন্য পুলকার চালকের শারীরিক অসুস্থতার দিকে ইঙ্গিত করেছিলেন। অভিভাবক মন্দিরা মণ্ডল জানান, পুজোর সময় চালকের হার্ট অপারেশন হয়েছিল। এরপরও তিনি গাড়ি চালাচ্ছিলেন। স্থানীয়দের একাংশ খারাপ রাস্তাকেও দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার ও বিডিও। আহত পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান পূর্তমন্ত্রী পুলক রায়। এই ভয়াবহ স্মৃতি টাটকা থাকার মাঝেই বাঁকুড়ায় একই ধরনের দুর্ঘটনা ঘটায় অভিভাবক মহলে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।