পুরুলিয়ার মানবাজার বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সোনামণি টুডুর মনোনয়ন নিয়ে চলা দীর্ঘ টানাপড়েনের অবসান হলো। কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাও শর্তসাপেক্ষে সোনামণির মনোনয়নপত্র গ্রহণ করার জন্য রিটার্নিং অফিসারকে নির্দেশ দিয়েছেন। আদালতের এই রায়ে ঝাড়খণ্ড থেকে প্রাপ্ত এসটি (ST) সার্টিফিকেট নিয়ে সোনামণির প্রার্থী হওয়া এখন সময়ের অপেক্ষা।
সোনামণি আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও বিয়ের সূত্রে বর্তমানে পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা। তাঁর কাছে ঝাড়খণ্ড সরকারের দেওয়া আদিবাসী শংসাপত্র থাকলেও পশ্চিমবঙ্গের শংসাপত্র নেই। এই কারণেই নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন গ্রহণে আপত্তি জানিয়েছিল। বিচারপতি রাও মন্তব্য করেন, “পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সাঁওতাল সম্প্রদায় আলাদা নয়।” তবে আদালত স্পষ্ট করেছে, রিটার্নিং অফিসার প্রয়োজনীয় নথি যাচাই করেই মনোনয়নের চূড়ান্ত বৈধতা দেবেন। উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনেও সোনামণি ঝাড়গ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন কোনও সমস্যা হয়নি। আগামী ৬ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, তার আগেই আদালতের এই নির্দেশে স্বস্তিতে বাম শিবির।





