আসন্ন নির্বাচনের আগে রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। তবে এবার প্রচারের লড়াই ছাপিয়ে সামনে এল এক কুরুচিকর বিতর্ক। ভবানীপুরের রাস্তায় দেখা গেল বিতর্কিত ব্যানার, যেখানে হাঁড়িকাঠে রাখা একটি পাঁঠার মুখে বসানো হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। ব্যানারে লেখা— ‘ভবানীপুরে এবার পাঁঠাবলি হবে’।
‘দক্ষিণ কলকাতা ফ্যাম কমিউনিটি’-র নামে টাঙানো এই ব্যানারকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মহল। তৃণমূলের তরফে ‘ভবানীপুরের গলার কাঁটা, শুভেন্দু এবার বলির পাঁঠা’ স্লোগান তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে। এমনকি আগামী ৪ মে কালীঘাট মন্দিরে এই ‘বলি’ দেখার আহ্বানও জানানো হচ্ছে।
অন্যদিকে, এই উত্তাপের মাঝেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে ভবানীপুরের ভোটার তালিকা সংশোধন নিয়ে। পরিসংখ্যানে দাবি করা হয়েছে, বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যে সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে, তার ৪০ শতাংশই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। অথচ ওই এলাকায় মুসলিম জনসংখ্যা মাত্র ২০ শতাংশ। ভোটের মুখে এই অসামঞ্জস্য ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। সব মিলিয়ে, ব্যানার আর ভোটার তালিকার দ্বন্দ্বে এখন সরগরম ভবানীপুর।





