হলদিয়ার মঞ্চ থেকে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর! টাটাকে ফেরানোর মাস্টারপ্ল্যান ঘোষণা

বুধবার হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর শুভ সূচনা অনুষ্ঠানে এসে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি বলেন, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এলে বাবা বিশ্বকর্মার আশীর্বাদে টাটাকে বাংলায় ফিরিয়ে আনা হবে।

হলদিয়া টাউনশিপে একটি বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে অংশ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে সবিনয়ে অনুরোধ করব, টাটা কোম্পানি যাতে আবার বাংলায় ফিরে আসে তার জন্য চেষ্টা করুন। ২০০৭ সালে এই রাজ্যকে শিল্পশূন্য করার জন্য টাটা কোম্পানিকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।”

বিরোধী দলনেতা আরও বলেন, “বাবা বিশ্বকর্মার কাছে প্রার্থনা করি, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, তাহলে টাটা কোম্পানিকে বাংলায় ফিরিয়ে এনে শিল্পায়নের ভিত্তি স্থাপন করা হবে।”

তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারী টাটার প্রসঙ্গ তুলে একদিকে যেমন শিল্পায়নের ব্যর্থতার জন্য মমতাকে বিঁধলেন, তেমনই অন্যদিকে বিজেপির ক্ষমতায় এলে রাজ্যে শিল্পায়নের জোয়ার আনার বার্তা দিলেন। ফলে, তাঁর এই মন্তব্য আগামী দিনে রাজ্যে রাজনৈতিক বিতর্কের নতুন ঢেউ তুলবে বলে মনে করা হচ্ছে।