হরিদেবপুরে গণধর্ষণ! বর্ধমান থেকে গ্রেফতার মূল অভিযুক্ত, অপর সঙ্গী পলাতক

হরিদেবপুরের একটি জন্মদিনের পার্টিতে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক অভিযুক্তকে বুধবার বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম চন্দন।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পর চন্দন এবং তার অপর সঙ্গী দেবাংশু প্রথমে উত্তর ২৪ পরগনার এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করেছিল। সেই অনুযায়ী তারা রিজেন্ট পার্ক থেকে বাঘাযতীন স্টেশন হয়ে গুমা পৌঁছে গিয়েছিল। কিন্তু ততক্ষণে খবর ছড়িয়ে পড়ায় সেখানে তাদের আশ্রয় মেলেনি।

পরে তারা ট্রেনে করে পূর্ব বর্ধমানের দিকে রওনা দেয়। জানা গেছে, দেবাংশু বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে নেমে পড়ে, আর চন্দন বর্ধমান পর্যন্ত আসে। পকেটে টাকা কম থাকায় চন্দন কলকাতায় ফিরে টাকা নিতে আসছিল এবং শান্তিনিকেতনে ফিরতে চাইছিল। সেই সময় বর্ধমান স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃত চন্দনকে জেরা করে এই ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।