পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এবার হরমুজ প্রণালী নিয়ে সরব হল ভারত। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত এই জলপথটি দ্রুত খুলে দেওয়ার জন্য আন্তর্জাতিক মঞ্চে সরাসরি দাবি জানাল দিল্লি। সম্প্রতি ব্রিটেনের উদ্যোগে আয়োজিত ৬০টি দেশের এক মেগা বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি স্পষ্ট করে দিয়েছেন যে, এই সংঘাতের জেরে ভারতই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, হরমুজ প্রণালীতে আটকে পড়া বিদেশি জাহাজে কাজ করতে গিয়ে ইতিমধ্যেই তিন জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এছাড়া যুদ্ধ পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলিতে কর্মরত ভারতীয়দের মধ্যে আরও আট জন প্রাণ হারিয়েছেন এবং এক জন নিখোঁজ। এই প্রাণহানি এবং বিশ্ববাজারে তেলের দামের আকাশছোঁয়া বৃদ্ধি ভারতের অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। ভারতের খনিজ তেলের জোগান সরাসরি এই অঞ্চলের ওপর নির্ভরশীল হওয়ায় হরমুজ প্রণালী বন্ধ থাকা দিল্লির জন্য বড় চিন্তার কারণ।
উদ্ধারকাজ নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ইরান থেকে ২০৪ জন ভারতীয়কে আজারবাইজান সীমান্ত দিয়ে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এই সহায়তার জন্য আজারবাইজান সরকারকে ধন্যবাদ জানিয়েছে ভারত। প্রায় এক কোটি প্রবাসী ভারতীয়র নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হরমুজ প্রণালীকে সচল দেখতে মরিয়া সাউথ ব্লক। আলোচনা ও কূটনীতির মাধ্যমেই এই অশান্তি মেটানোর পক্ষে সওয়াল করেছে ভারত।





