হঠাৎই বন্ধ জনপ্রিয় ধারাবাহিক! দু’দিনের নোটিশে বন্ধ হলো ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’

কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বন্ধ হয়ে গেল সান বাংলা-র জনপ্রিয় ধারাবাহিক ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। মাত্র দু’দিনের নোটিশে এমন ঘটনা ঘটায় মন খারাপ ধারাবাহিকের কলাকুশলী ও দর্শকদের। পূজার আগেই এমন অপ্রত্যাশিত ঘটনায় হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী পায়েল দে।

গত এক বছর ধরে চলছিল তথাগত মুখোপাধ্যায় ও পায়েল দে অভিনীত এই ধারাবাহিকটি। ৩২০ পর্বের বেশি চলার পরেও হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ জানা যায়নি। পায়েল দে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৯ বছরের অভিনয় জীবনে তার এমন অভিজ্ঞতা এই প্রথম। সাধারণত এত দ্রুত কোনো ধারাবাহিক বন্ধ হয় না, এমনকি সম্প্রতি যে দু-তিন মাসেও সিরিয়াল বন্ধের ঘটনা ঘটেছে, তার চেয়েও এটি ভিন্ন।

পূজার আগে এমন ঘটনা ঘটায় কলাকুশলীরা চরম হতাশ। পায়েল বলেন, “আমরা সবাই অনেক কিছু পরিকল্পনা করেছিলাম। একসঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা, এমনকি কাজের শেষে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানও ছিল। সব মাটি হয়ে গেল।” তিনি আরও জানান, অনেক টেকনিশিয়ান পূজার সময় ছোটপর্দার কাজের দিকে তাকিয়ে থাকেন, কারণ এটি তাদের নিয়মিত উপার্জনের প্রধান উৎস। এই সময়ে এমন সিদ্ধান্ত তাদের জন্য অত্যন্ত কঠিন।

ধারাবাহিকের শেষ পর্বের শুটিং গত রবিবার হয়ে গেছে এবং পায়েল ও তথাগত দুজনেই সোশ্যাল মিডিয়ায় শুটিং সেটের ছবি শেয়ার করেছেন।