হংকংয়ে শতাব্দীর ভয়াবহতম অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা ৯৪! আরও ২৮০ জনের খোঁজ নেই, চলছে ফৌজদারি তদন্ত

হংকংয়ের তাই পো-র একটি জনবহুল এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪। বুধবার বিকাল থেকে পরপর সাতটি হাই-রাইজ বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লেগে যায়। গত সাত দশকে হংকংয়ে এমন বিপর্যয় ঘটেনি। পো-র গগন-চুম্বী ভবনগুলিতে দ্বিতীয় দিনেও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দমবন্ধকর ধোঁয়া ও আগুনে ভস্মীভূত অ্যাপার্টমেন্টগুলি থেকে একের পর এক দেহ উদ্ধার করে যাচ্ছে উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ইতিমধ্যেই প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, ২৮০ জনের বেশি মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, বড়সড় আকারে সংস্কার হওয়া ৩২ তলার ওই বিল্ডিংয়ে অনেকেই আটকা পড়ে আছেন। নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটির অভিযোগে ইতিমধ্যেই ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে।
ঘটনাটি কী ছিল?
১৯৮৩ সালে তৈরি তাই পো-র ওয়াং ফুক কোর্টের বিল্ডিংয়ে বুধবার এই ভয়াবহ আগুন লাগে। সেখানে আটটি টাওয়ার জুড়ে প্রায় ৪,৬০০ মানুষের বসবাস। দুর্ঘটনার সময় বিল্ডিংয়ের সংস্কার কাজ চলছিল এবং সেটি বাঁশের কাঠামো ও সবুজ জাল দিয়ে মোড়া ছিল। কর্মকর্তাদের মতে, এই ঘটনাটি ৭০ বছরে হংকংয়ে সবথেকে ভয়াবহ অগ্নি-বিপর্যয়। মৃতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন।
বৃহস্পতিবার রাতেও ধোঁয়ায় জমে থাকা মেঝে দিয়ে উদ্ধারকারী দলকে কাজ করতে দেখা গেছে। দীর্ঘ রাত পর্যন্ত আবাসনের বাসিন্দাদের আর্তনাদ শোনা গিয়েছে। এই বহুতলের অধিকাংশ বাসিন্দা ছিলেন বয়স্ক, যাদের দ্রুত ছুটে বেরিয়ে আসার ক্ষমতা ছিল না। রক্ষণাবেক্ষণের কাজ চলায় ফ্ল্যাটের জানলা-দরজাও বন্ধ করে রেখেছিলেন অনেকে, ফলে আগুন লাগার বিষয়টি গোড়ায় বুঝে উঠতে পারেননি অনেকেই। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।