নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগনার পানিহাটি। বুধবার সকালে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতৃত্বের দাবি, তাঁদের প্রার্থী যখন নির্বাচনী জনসভা ও জনসংযোগ করছিলেন, তখন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তাতে বিঘ্ন ঘটায়।
স্থানীয় সূত্রে খবর, বিজেপি প্রার্থীর সভাস্থলে প্রবেশের মুখে বাধা সৃষ্টি করা ছাড়াও সভা চলাকালীন তৃণমূল সমর্থকরা উচ্চস্বরে স্লোগান দিয়ে বক্তব্য শুনতে বাধা দেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগানের পাল্টা বিজেপি কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করেন। দুই দলের এই স্লোগান যুদ্ধ ও মারমুখী অবস্থানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজেপি শিবিরের অভিযোগ, তৃণমূল পরাজয়ের ভয়ে এই ধরণের ‘থ্রেট কালচার’ শুরু করেছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁরা কোনো দলের প্রচারে বাধা দেননি; বরং নিজস্ব কর্মসূচি পালন করছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারের শুরুতেই পানিহাটির এই সংঘাত ইঙ্গিত দিচ্ছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি অন্যতম ‘হটস্পট’ হতে চলেছে।





