স্বামীর গাড়িতে অন্য মহিলা! হাতেনাতে ধরতেই চলন্ত গাড়ির বনেটে উঠে পড়লেন স্ত্রী, তারপর যা হল…

উত্তরপ্রদেশের মিরাটে এক পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে ঘটেছে এক অবিশ্বাস্য ও লোমহর্ষক ঘটনা। স্বামীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পেরে এক মহিলা চলন্ত গাড়ির বনেটে ঝুলে প্রায় পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন নেটিজেনরা।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে প্রায় ১৫ বছর আগে ওই মহিলার বিয়ে হয়েছিল এবং তাঁদের দুটি সন্তানও রয়েছে। গত শনিবার মহিলাটি তাঁর ছেলেকে নিয়ে স্কুটিতে করে হাপুর রোডে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই তিনি লক্ষ্য করেন তাঁর স্বামী একটি গাড়িতে অন্য এক তরুণীর সঙ্গে বসে রয়েছেন। ক্ষোভে ফেটে পড়ে মহিলাটি সঙ্গে সঙ্গে স্বামীর গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু স্বামী গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই মহিলা সাহসিকতার সঙ্গে চলন্ত গাড়ির বনেটে চড়ে বসেন।

অভিযোগ, এর পরেও চালক গাড়ি থামাননি। এভাবে প্রায় পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত মহিলাটি গাড়ির বনেটে লটকে ছিলেন। অবশেষে লোহিয়া নগর এলাকার কাশিরীরাম কলোনির কাছে স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে গাড়িটি থামাতে বাধ্য করেন। গাড়ি থামার পর সেখানে তীব্র উত্তেজনা ও হাতাহাতির পরিবেশ তৈরি হয়। ভুক্তভোগী মহিলা লোহিয়া নগর থানায় তাঁর স্বামী এবং গাড়িতে থাকা অজ্ঞাতপরিচয় তরুণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি খুনের চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন এবং পুলিশকে একটি ভিডিও ফুটেজও প্রমাণ হিসেবে দিয়েছেন। মিরাটের এসপি সিটি বিনায়ক গোপাল ভোসলে জানিয়েছেন যে, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।