আসন বা ক্ষমতা নয়, লক্ষ্য একমাত্র জয়! উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে বড় বার্তা অখিলেশের

উত্তরপ্রদেশ নির্বাচনে জোটের অঙ্ক কষা শুরুর আগেই বড় রাজনৈতিক বার্তা দিলেন সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব। আসন সমঝোতার চেয়েও জোটের জয় নিশ্চিত করাকেই প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছেন তিনি।
এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে অখিলেশ লিখেছেন, “যখন উদ্দেশ্য পরিষ্কার থাকে, তখন হাতগুলো নিজে থেকেই মিলে যায়; আর লক্ষ্য যখন সামনে থাকে, তখন পথ চলা সহজ হয়ে যায়।” তিনি স্পষ্ট করে জানান, কোন দল কটি আসন পেল তা গুরুত্বপূর্ণ নয়, বরং সম্মিলিতভাবে জয় ছিনিয়ে আনাই আসল লক্ষ্য।
অখিলেশ আরও বলেন, এই লড়াই কেবল রাজনৈতিক দলগুলোর নয়, বরং এটি সংবিধান, গণতন্ত্র ও সংরক্ষণের অধিকার রক্ষার লড়াই। বিজেপি যাতে দেশের গণতান্ত্রিক পরিকাঠামোয় আঘাত হানতে না পারে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। চলতি মাসেই কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে আসন বণ্টন নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই অখিলেশের এই মন্তব্য জোটের অন্দরে বড় তাৎপর্য বহন করছে।