“স্বামীর খুনি জেলের মধ্যে সেলিব্রেট করছে! ভিডিও দেখে ক্ষুব্ধ নিহত ব্যক্তির স্ত্রী— বেঙ্গালুরু কারাগারে নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন”

ফের নিরাপত্তা এবং কারাবিভাগের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে দিল বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারের একটি চাঞ্চল্যকর ঘটনা। প্রায় পাঁচ মাস আগে জেলের ভেতরেই এক বিচারাধীন বন্দির জন্মদিন মহাসমারোহে উদযাপন করার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন, কারা বিভাগের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
যে বন্দির জন্মদিন উদযাপন করা হয়েছে, তাঁর নাম গুব্বাছি সীনা (Gubbachi Seena)। সীনার বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি মাসে তার এক প্রতিদ্বন্দ্বীকে হত্যার অভিযোগ রয়েছে। অভিযুক্ত সীনাকে ধরতে গত ফেব্রুয়ারিতে পুলিশ অভিযান চালালে, সে একজন কনস্টেবলকে আক্রমণ করে পায়ে গুলি করেছিল বলেও অভিযোগ রয়েছে। সেই ঘটনার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
ভাইরাল ভিডিওতে যা দেখা গিয়েছে
বেশ কয়েকটি সংবাদমাধ্যম জেলের মধ্যে এই জন্মদিন পালনের ভাইরাল ভিডিওটি প্রচার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বন্দি সীনাকে অন্যান্য বন্দিরা ঘিরে ধরে রয়েছেন। সীনার হাতে একটি বড় ছুরি, যা দিয়ে সে হাসিমুখে জন্মদিনের কেক কাটছে। এই উদযাপনের পুরো ভিডিওটি সীনার আশপাশে থাকা অন্যান্য বন্দিরাই মোবাইল ফোনে রেকর্ড করেছিল।
প্রতিবেদন অনুসারে, এই উদযাপনে নাম আনন্দ, অরুণ, প্রবীণ, সূর্য, মিঠুন সহ আরও বেশ কয়েকজন বন্দিকে অংশ নিতে দেখা গিয়েছে।
জেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর নিহত ব্যক্তির স্ত্রী তা সোশ্যাল মিডিয়ায় দেখেন। জেলের মধ্যে স্বামীর খুনের আসামিকে এমন বিলাসবহুলভাবে জন্মদিন পালন করতে দেখে তিনি জেল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান।
অভিযোগ পাওয়ার পর কারাবিভাগ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। জেলের মধ্যে কীভাবে এই উদযাপন হলো, কোথা থেকে জন্মদিনের কেক এলো, সবচেয়ে বড় কথা কীভাবে মোবাইল ফোন জেলের মধ্যে ঢুকল, তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে প্রশাসন। এই ঘটনা বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থার উপর বড়সড় কালিমা লেপন করল।