স্বস্তির বৃষ্টি বঙ্গে, দক্ষিণে ১৫ জেলা ও উত্তরে ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি

শারদীয়ার আগমনী লগ্নে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের ১৫টি এবং উত্তরবঙ্গের ৮টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও এই বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা নামবে, তবে বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ (সোমবার): পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আগামীকাল (মঙ্গলবার): বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার: এই দুই দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ও শনিবার: এই দু’দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এছাড়াও উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস
কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় শহরের ওপর দিয়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশ থেকে বর্ষা বিদায়
আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার থেকে দেশ থেকে মৌসুমী বায়ুর বিদায় শুরু হয়েছে। নির্ধারিত সময়ের তিন দিন আগেই পশ্চিম রাজস্থান থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।