লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল কংগ্রেস, কিন্তু তাতে সই করল না তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে ১১৮ জন সাংসদের স্বাক্ষর সংবলিত যে প্রস্তাব জমা পড়েছে, সেখানে সমাজবাদী পার্টি বা ডিএমকে-র মতো শরিকদের নাম থাকলেও উধাও তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সমন্বয় নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।
তৃণমূল সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চেয়েছিলেন অনাস্থা প্রস্তাব আনার আগে একটি কৌশলগত ধাপ অনুসরণ করতে। তাঁদের প্রস্তাব ছিল, অন্তত ২০০ জন সাংসদের সই করা একটি চিঠি আগে স্পিকারকে পাঠানো হোক এবং তাঁকে ৩-৪ দিনের সময়সীমা দেওয়া হোক। যদি স্পিকার নিজের আচরণে বদল না আনেন, তবেই ‘শেষ অস্ত্র’ হিসেবে অনাস্থা আনা হোক। কিন্তু তৃণমূলের এই ‘ধীরে চলো’ নীতিকে গুরুত্ব না দিয়ে কংগ্রেস অতিসক্রিয়তা দেখিয়ে এককভাবে প্রস্তাব জমা দেওয়ায় ক্ষুব্ধ ঘাসফুল শিবির।
এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, “আমাদের তরফে কোনো আপত্তি ছিল না। আমরা শুধু চেয়েছিলাম আগে একটা চিঠি পাঠিয়ে কয়েকদিন সময় দিতে। তিনি কোনো পদক্ষেপ না নিলে অনাস্থার রাস্তা তো খোলাই ছিল।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেসের এই একক সিদ্ধান্ত জোটের ফাটলকেই আরও চওড়া করল, যা আগামী দিনে সংসদের অন্দরে বিজেপি-বিরোধী লড়াইকে দুর্বল করতে পারে।