স্নানের নগ্ন ভিডিয়ো ভাইরাল করার হুমকি! বিশেষ ভাবে সক্ষম অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক

গোপন ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক বিশেষ ভাবে সক্ষম অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে ২৩ বছরের অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। সোমবার ধৃতকে আদালতে তোলা হয়েছে এবং নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর থানা এলাকার বাসিন্দা ওই গৃহবধূ এবং তাঁর স্বামী দু’জনেই শারীরিক ভাবে বিশেষ ভাবে সক্ষম। পরিবারের অভিযোগ, প্রায় দু’মাস আগে ওই গৃহবধূ যখন স্নান করছিলেন, সেই মুহূর্ত গোপনে মোবাইলে ক্যামেরাবন্দি করেছিলেন প্রতিবেশী এক যুবক। পরবর্তী সময়ে সেই অশ্লীল ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে লাগাতার ব্ল্যাকমেল করা হতো বলে অভিযোগ। মানসিকভাবে কোণঠাসা করে তোলার পাশাপাশি ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার জেরে চরম মানসিক অবসাদে ভোগার পর বিষয়টি পরিবারকে জানান নির্যাতিতা।
গৃহবধূর স্বামী জানান, দীর্ঘদিন ধরে এই ব্ল্যাকমেল ও হেনস্তা চলছিল। প্রথম দিকে পরিবারের পক্ষ থেকে স্থানীয় স্তরে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। উল্টে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। শেষ পর্যন্ত সমস্ত দিক বিবেচনা করে গত রবিবার পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরেই তৎপরতার সঙ্গে তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ। দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে পাকড়াও করা হয়। রাতেই তাকে থানায় নিয়ে এসে দফায় দফায় জেরা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।