চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এক তারকাখচিত স্তন ক্যান্সার দাতব্য অনুষ্ঠানকে ঘিরে বড়সড় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিটিএস (BTS) সদস্যদের জ-হোপ, ভি, আরএম, জে পার্ক এবং অন্যান্য জনপ্রিয় K-পপ আইডল গ্রুপ শিল্পীদের উপস্থিতিতে গত ১৫ অক্টোবর ফ্যাশন ম্যাগাজিন W Korea এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।
সিউলের এক হোটেলে W Korea-এর ২০তম স্তন ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন চ্যারিটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। তবে যে অনুষ্ঠানটি স্তন ক্যান্সার থেকে বেঁচে ফেরা মানুষদের সম্মান জানাতে এবং সচেতনতা বাড়াতে আয়োজিত হয়েছিল, তা মুহূর্তেই পরিণত হয় জাঁকজমকপূর্ণ তারকা সমাবেশ এবং আড়ম্বরপূর্ণ পার্টিতে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা।
বিরাট তারকা সমাবেশ, কিন্তু নজর ক্যান্সার সচেতনতায় নয়:
ডব্লিউ কোরিয়ার গালা ডিনারে বিটিএস-এর জ-হোপ, ভি, আরএম, এইসপা (aespa), আইভিই-এর জ্যাং ওয়ানইয়ং, জিয়ন সোমি, স্ট্রে কিডস-এর ব্যাং চ্যান, এনহাইপেন, টিএক্সটি, মনস্টা এক্স-এর শোউনু এবং বিগব্যাং-এর তায়েয়াংসহ অসংখ্য K-পপ তারকা উপস্থিত ছিলেন। এছাড়া অভিনেতা লি ডং হুই, লি জুন হো, পার্ক উন বিনসহ বহু বর্ষীয়ান ও উদীয়মান অভিনেতা-অভিনেত্রীও যোগ দেন।
ডব্লিউ কোরিয়া তাদের সোশ্যাল মিডিয়াতে নিয়মিত এই তারকাবৃন্দের উল্লাসের ছবি ও ভিডিও পোস্ট করে। কিন্তু এতেই নেটিজেনদের চোখে পড়ে আসল সমস্যা। ক্যান্সারের প্রতীক গোলাপি রিবন-এর অনুপস্থিতি এবং পুরো ইভেন্টটি কেবল সেলিব্রিটিদের গ্ল্যামারে ডুবে থাকায় সমালোচনার ঝড় ওঠে।
২০ বছরে মাত্র ১.১ বিলিয়ন ওয়ান?
W Korea-এর ‘LOVE YOUR W’ স্লোগানযুক্ত এই দাতব্য অনুষ্ঠানটি ২০০৬ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু ম্যাগাজিনের ওয়েবসাইট অনুযায়ী, গত দুই দশকে এই ইভেন্ট থেকে মাত্র ১.১ বিলিয়ন কোরিয়ান ওয়ান ($৭,৭৫,০০০) চাঁদা সংগ্রহ করা হয়েছে।
ম্যাগাজিনের দাবি, এটি কোরিয়ার অন্যতম বৃহৎ দাতব্য অনুষ্ঠান। তবে ২০ বছরের এত কম অনুদান এবং ইভেন্টের জাঁকজমক দেখে ভক্তরা হতাশ। অনেকেই এটিকে ‘শুধুমাত্র আরেকটি ফ্যাশন ইভেন্ট’ বা ‘মেট গালার আফটার পার্টি’ বলে অভিহিত করেছেন, যা সচেতনতা তৈরির মূল লক্ষ্য থেকে সরে এসেছে।
বিতর্কিত পারফর্ম্যান্স ও জে পার্কের ক্ষমা প্রার্থনা:
বিতর্ক আরও বাড়িয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় শিল্পী জে পার্ক (Jay Park)। এই অনুষ্ঠানে তিনি তাঁর বহুল পরিচিত কিন্তু বিতর্কিত গান ‘Mommae’ পরিবেশন করেন, যার কথায় নারীর শরীর নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রয়েছে। ক্যান্সার সচেতনতামূলক মঞ্চে এমন গান পরিবেশনের জেরে সমালোচনার মুখে পড়ে W Korea দ্রুত তাদের সোশ্যাল মিডিয়া থেকে পারফর্ম্যান্স ভিডিওটি মুছে ফেলে।
পরে জে পার্ক নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ক্ষমা প্রার্থনা করেন। তিনি লেখেন, “আনুষ্ঠানিক ক্যান্সার প্রচারণার পরে আফটার-পার্টিতে আমি পারফর্ম করেছিলাম। যদি কোনো ক্যান্সার রোগী আমার পারফর্ম্যান্সে আঘাত পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমি অসুস্থতা থেকে দ্রুত আরোগ্য কামনা করি।” তিনি আরও যোগ করেন যে তিনি কোনো পারিশ্রমিক না নিয়েই এই অনুষ্ঠানে এসেছিলেন।
দায়িত্বজ্ঞানহীনতা ও অগ্রাধিকার নিয়ে প্রশ্ন:
সমালোচকরা প্রশ্ন তুলেছেন, একটি গুরুতর সচেতনতা ক্যাম্পেইন কীভাবে তারকাদের মদ্যপান, বিলাসবহুল পোশাক আর পার্টির কেন্দ্রে পরিণত হতে পারে। অনেকে উল্লেখ করেছেন, মদ্যপান স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়, অথচ সচেতনতা ইভেন্টেই তারকারা মদ্যপানে মেতে উঠেছেন।
অনেকেই এই ইভেন্টকে মাত্র ৫ বছর আগে শুরু হওয়া সেলেনা গোমেজের ‘Rare Impact Fund’-এর সঙ্গে তুলনা করেছেন, যা এরই মধ্যে মানসিক স্বাস্থ্যের জন্য $২০ মিলিয়ন ডলারের বেশি সংগ্রহ করে লাখো মানুষকে সহায়তা করেছে। নেটিজেনদের চূড়ান্ত মন্তব্য ছিল: “এটা কেবল দায়িত্বজ্ঞানহীনতাই নয়, ক্যান্সার আক্রান্তদের প্রতি চরম অসম্মান।”